Views Bangladesh Logo

কুষ্টিয়ায় দুর্গাপূজার চার প্রতিমা ভাঙচুর

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খয়েরচারা সার্বজনীন মাতৃমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে মন্দিরে ঢুকে প্রতিমাগুলোর মাথা ভেঙে দেওয়া হয় বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, রাত ২টার পর মন্দিরে কেউ ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মন্দির পরিচালনা কমিটি নিয়ে বিরোধ ছিল। এ বিষয়ে বৃহস্পতিবার কমিটির সদস্যদের সঙ্গে পুলিশের কথা হয়। তখন তারা পুলিশকে জানিয়েছিলেন, মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কোনো সমস্যা নেই।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি জামাল উদ্দিন।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত কমিটির সদস্যরা মন্দিরে ছিলেন। শুক্রবার সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে তারা মন্দিরের বাঁশের বেড়া ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে চারটি প্রতিমার মাথা ভাঙা অবস্থায় দেখতে পান তাঁরা।

ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে দায়ী করার মতো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ