Views Bangladesh Logo

চট্টগ্রামে ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক দুটি নির্মাণাধীন ভবনের ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় দুইজন এবং নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় আরও দুই নির্মাণশ্রমিক মারা যান।

রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় সেপটিক ট্যাংকে নেমে মারা যান প্রদীপ দাশ (৩৮) ও সমীরণ দাশ (৩২)।

পুলিশ জানায়, কার্তিক দাশের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের কাজ চলছিল। কয়েকজন শ্রমিক ট্যাংকের ভেতরে কাজ করছিলেন। এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য প্রদীপ দাশ ট্যাংকে নামেন। ওই শ্রমিককে উপরে তুলতে পারলেও প্রদীপ দাশ ট্যাংকের ভেতরেই পড়ে যান। পরে তাকে উদ্ধার করতে গিয়ে সমীরণ দাশও ট্যাংকের ভেতরে পড়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করলেও ততক্ষণে দুজনের মৃত্যু হয়। নিহতরা পরস্পরের মামাতো ও ফুফাতো ভাই ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়ায় নির্মাণাধীন ভবনের নিচের একটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে নূরুল হুদার নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হৃদয় (২৫) ও সাকিব (২২)।

পুলিশ জানায়, ভবনের নিচে একটি ট্যাংকের কাজ চলছিল। সেখানে বাঁশ দিয়ে তৈরি ফ্রেম খোলার জন্য প্রথমে একজন শ্রমিক নামেন। তিনি উঠতে না পারায় তাকে উদ্ধারে আরেকজন শ্রমিক নামেন। পরে দুজনই আর ট্যাংক থেকে বের হতে পারেননি।

পুলিশ জানিয়েছে, ট্যাংকটি সেপটিক ট্যাংক নাকি পানির ট্যাংক—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ