ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে আটক ৪, নিরাপত্তা জোরদার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৫ আগস্ট) দুপুর পর্যন্ত ওই এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, শ্রদ্ধা জানাতে টাঙ্গাইল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আসা যুবলীগের কর্মী অর্ণব দাস (৩৮)কে আটক করা হয়। এ ছাড়া সাংবাদিক পরিচয়ে সেখানে আসা যুবলীগ কর্মী নিপু মিয়া (৩০)কেও আটক করা হয়েছে। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসা কয়েকজন যুবক নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। উপস্থিত সাংবাদিক ও সাধারণ মানুষ তাদের প্রতিবাদ করলে তারা সেখান থেকে চলে যান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় ভবনের ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিভিন্ন সামগ্রী, বইপত্র ও নথি ধ্বংস বা লুট করা হয়। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কার্যালয়সহ আশপাশের কয়েকটি ভবনেও হামলা চালানো হয়।
এরপর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু ভবনে ফের ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরে এক্সক্যাভেটর, ক্রেন ও বুলডোজার দিয়ে ভবনের অবশিষ্ট অংশসহ সামনের দেয়াল ও গেটের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়। ওই ঘটনার পর কয়েক দিন ধরে সেখানে ভাঙচুর ও লুটপাট চলার অভিযোগ ওঠে।
মতামত দিন