নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো উজাইফা (১০), হাফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে একটি পুকুরপাড়ে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে চার শিশুকে উদ্ধার করেন।
পরে তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা চারজনকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন