নরসিংদীতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
নরসিংদীর রায়পুরায় বিলের পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮) এবং বিল্লাল হোসেনের মেয়ে সুমাইয়া। তারা সবাই উপজেলার বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আজ সকালে গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসায় শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। ক্লাস শেষে টিফিন পিরয়ড শুরু হয়। এ সময় ৬ জন শিশু শিক্ষার্থী মাদরাসার পার্শ্ববর্তী একটি বিলে গোসল করতে নামলে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে এগিয়ে যায় বাকি ৫ জন। এদের মধ্যে ৩ জনও পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে। এরমধ্যে তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে ৩ শিশু মৃতের খবর পেয়েছি। শুনেছি আরও একজনের মৃত্যু হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।
তিনি আরও বলেন, মৃত ৪ শিশুর স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন