Views Bangladesh Logo

নরসিংদীতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু: একসঙ্গে জানাজা, পাশাপাশি কবরে দাফন

নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে প্রাণ হারানো চার শিশুর একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি চারটি কবরে দাফন করা হয়েছে। এরই মধ্যে শোক না কাটতেই একই উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামের ঈদগাহ মাঠে চার শিশুর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সামাজিক কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন করা হয়।

নিহতরা হলো বড়কান্দা গ্রামের তাবিয়া (১৩), আয়েশা (৯), জান্নাত (৮) ও সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। চারজনের বাড়িও ছিল পাশাপাশি এবং তারা একসঙ্গেই খেলাধুলা করত।

চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল বলেন, একসঙ্গে বেড়ে ওঠা চার শিশুর একসঙ্গে মৃত্যুর ঘটনায় স্থানীয়দের সিদ্ধান্তে তাদের একসঙ্গে জানাজা ও পাশাপাশি দাফনের ব্যবস্থা করা হয়েছে।

পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, চার শিশুর পরিবারই অত্যন্ত দরিদ্র। শুকনো মৌসুমে খালটিতে পানি না থাকলেও বর্ষায় সেটি পানিতে ভরে যায়। নিহত চার শিশুর কেউই সাঁতার জানত না। কাউকে না জানিয়েই তারা গোসল করতে নেমেছিল।

নিহত তাবিয়ার বাবা শামীম মিয়া বলেন, ঢাকাগামী ট্রেনে ওঠার সময় ফোনে জানতে পারেন তার মেয়ে পানিতে ডুবে গেছে। হাসপাতালে গিয়ে তিনি মেয়ের মরদেহ দেখতে পান। অন্যদিকে আয়েশার বাবা রুবেল মিয়া বলেন, অভাবের সংসারে মেয়ের হাসিমুখই ছিল তার সবচেয়ে বড় সান্ত্বনা।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে চার শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো জান্নাতি আক্তার (৮) ও নিপা আক্তার (৭)।

স্থানীয়রা তাদের নদী থেকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শীলা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, চার শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। আর শুক্রবারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ