Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৮ জন।

শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৮ জন।

ল্যাবরেটরি পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। আর ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির আওতার বাইরে থাকা শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি। পাশাপাশি হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় দ্রুত বিস্তার লাভ করছে। ফলে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবার আওতায় আনা জরুরি হয়ে পড়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধযোগ্য একটি রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ