Views Bangladesh Logo

ফতুল্লায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশের কুতুবপুর রাখিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— অটোরিকশাচালক আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে হালিম বিক্রেতা মেহেদী (১৭), কারখানা শ্রমিক সাকিব (১৬) ও চটপটি বিক্রেতা রাকিব (১৬)। দুর্ঘটনার সময় আব্দুল কাদের তার তিন ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। তবে কাদেরের স্ত্রী রান্নার কাজে পানি সংগ্রহ করতে ঘরের বাইরে থাকায় তিনি অলৌকিকভাবে রক্ষা পান।

ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ফারুক জানান, আব্দুল কাদের পরিবার নিয়ে ওই একতলা ভবনটিতে ভাড়া থাকতেন। ভোরে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। তখন সবাই দৌড়ে গিয়ে দেখেন, ওই বাড়িটির দরজা ও জানালা ভেঙে পড়েছে। পরে ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় একে একে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিস্ফোরণের কারণ সম্পর্কে তিনি জানান, ওই বাসার গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। তবে এটি কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না।

দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ ও রাকিবের ২৫ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে মেহেদী ও রাকিবের শ্বাসনালিও দগ্ধ হয়েছে। তাদের চারজনের অবস্থাই গুরুতর। বর্তমানে তাদেরকে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ