নাটোরে রেলের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ
নাটোরের লালপুর উপজেলার ডহরশলা এলাকায় আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে খুলনামুখী রেলপথ অক্ষত থাকায় দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস ও আজিমনগর স্টেশনের মধ্যবর্তী ডহরশলা এলাকায় পৌঁছালে হঠাৎ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গমুখী লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। সন্ধ্যার আগেই উদ্ধার ও লাইন মেরামতের কাজ শুরু করেন রেলের প্রকৌশলী ও কর্মীরা।
ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে। তবে রেল চলাচল স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগতে পারে।
মতামত দিন