Views Bangladesh Logo

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলেই স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে বদলি ও অতিরিক্ত দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার সকালে আদেশ জারি করা হলেও একই দিন বিকেলে সেই আদেশ স্থগিত করা হয়েছে।

১ অক্টোবর সকালে জারি করা আদেশে প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক এয়ার কমডোর মো. মঞ্জুর-ই-আলমকে করপোরেট প্ল্যানিং ও ট্রেনিং বিভাগের পরিচালক, প্রকিউরমেন্ট ও লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক মো. রাশেদুল করিমকে কার্গো বিভাগের পরিচালক এবং করপোরেট প্ল্যানিং ও ট্রেনিং বিভাগের পরিচালক এম. মাসুদুর রহমানকে প্রকিউরমেন্ট ও লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক পদে বদলি করা হয়।

এ ছাড়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের প্রধান প্রকৌশলী এ আর এম কায়সার জামানকে বর্তমান দায়িত্বের পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক পদে অতিরিক্ত ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়।

সকালের আদেশে এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছিল।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানেই ওই আদেশ স্থগিত করা হয়। বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের সহকারী ব্যবস্থাপক প্রশাসন (পার্সোনেল) কাজী রাজীব হোসেন স্বাক্ষরিত এক আদেশে সকালে জারি করা বদলি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়ার আদেশ স্থগিত করা হয়।

একই দিনে চার কর্মকর্তাকে বদলি এবং পরে সেই আদেশ স্থগিত করার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ