কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, সতর্কতা জারি দূতাবাসের
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হওয়ার পাশাপাশি একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।
বুধবার (৩ জুন) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় ৩ জুন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হন।
আহতদের কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজখবর রাখছে বলে জানানো হয়েছে।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে কুয়েত সরকারের নির্দেশনা অনুসরণ করার অনুরোধও জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, দেশটির আইনে রকেট বা ড্রোন হামলার ঘটনা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি বা ভিডিও ধারণ করা দণ্ডনীয় অপরাধ। তাই প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের ছবি বা ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে চলমান সংকটের কারণে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করার এবং অন্যদেরও এ কাজে উৎসাহিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মতামত দিন