Views Bangladesh Logo

আইএলটি-টোয়েন্টির নিলামে বাংলাদেশের ৪ ক্রিকেটার, তাসকিনের ভিত্তিমূল্য সর্বোচ্চ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আসন্ন মৌসুমের জন্য ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। নিলামে উঠতে যাওয়া এই চারজন হলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান মিরাজ। ইতোমধ্যে তাঁদের ভিত্তিমূল্যের তালিকাও প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

চার বাংলাদেশির মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে তাসকিন আহমেদের। বাংলাদেশের এই পেসারকে রাখা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৯৮ লাখ ৬০ হাজার টাকা ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।

তাসকিনের সঙ্গে এই ক্যাটাগরিতে রয়েছেন পাকিস্তানের বাবর আজম ও ফখর জামান, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, অ্যালেক্স হেলস ও ফিল সল্ট, নিউজিল্যান্ডের ডেভিড উইলি, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, আফগানিস্তানের ফজলহক ফারুকি ও নাসিম শাহসহ আরও কয়েকজন তারকা ক্রিকেটার।

বাংলাদেশের আরেক পেসার শরিফুল ইসলামের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৯ লাখ ৩০ হাজার টাকা। এই ক্যাটাগরিতে তাঁর সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, পাকিস্তানের শাদাব খান ও হাসান নওয়াজ এবং শ্রীলঙ্কার আভিশকা ফার্নান্দো ও কুশল পেরেরাসহ অন্য ক্রিকেটাররা।

এদিকে তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে ১০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এই তালিকায় তাঁদের সঙ্গে রয়েছেন উইল স্মিড, লরকান টাকার, আসা ট্রাইব, শায়ান জাহাঙ্গীর, রিজা হেনড্রিকস, ইশ সোধি, জর্জ মানসি, ম্যাথু পটস ও বাস ডি লিড।

নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তাসকিনের ভিত্তিমূল্যই সর্বোচ্চ। এখন দেখার বিষয়, নিলামে তাঁদের চূড়ান্ত মূল্য কত ওঠে এবং কোন ফ্র্যাঞ্চাইজি তাঁদের দলে ভেড়ায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ