Views Bangladesh Logo

ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

ওমানে একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার সহোদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে স্থানীয় পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ। তারা রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দররাজার পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

চট্টগ্রাম সমিতি, ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী জানান, চার ভাই বুধবার সন্ধ্যায় বারকা এলাকায় ছিলেন এবং পরে মুলাদ্দাহর দিকে রওনা হন। স্থানীয় সময় রাত ৮টার পরে তাদের একজন বারকায় বসবাসকারী এক আত্মীয়কে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে জানান, তারা গুরুতর অসুস্থ বোধ করছেন এবং গাড়ি থেকে বের হতে পারছেন না। সঙ্গে নিজেদের অবস্থানও শেয়ার করেন।

রাত ১টার দিকে দুই বাংলাদেশি প্রবাসী মুলাদ্দাহর একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ পরে রাত ২টার দিকে গাড়ি খুলে মরদেহগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে পড়লে তারা চিকিৎসার জন্য ক্লিনিকের দিকে যাচ্ছিলেন।

মরদেহগুলো বর্তমানে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। লালানগর ইউনিয়ন পরিষদের সদস্য আমির হোসেন জানান, চার ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ