Views Bangladesh Logo

জাবিতে প্রক্টরের একদিন পর একসঙ্গে পদত্যাগ করলেন চার সহকারী প্রক্টর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রক্টরের পদত্যাগের একদিনের মাথায় এবার একসঙ্গে পদত্যাগ করেছেন চার সহকারী প্রক্টর। একই সঙ্গে শূন্য হওয়া একটি পদে নতুন সহকারী প্রক্টরও নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে বুধবার প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদত্যাগ করা চার সহকারী প্রক্টর হলেন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরীন জলি, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌস।

এদিকে পৃথক এক অফিস আদেশে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তারকে আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১২ মে মধ্যরাতে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত এক যুবকের ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তের বিচারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে তারা প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এর ফলে টানা ৭৮ দিন প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যরা নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের মধ্যেও অভ্যন্তরীণ বিরোধ ও বিভাজন তৈরি হয়েছে বলে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশের দাবি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ