কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪: পুলিশ
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তরুণ রাকিবুল ইসলাম হত্যার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বুধবার সকালে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে জানানো হয়, আজ বেলা একটায় ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, গত রোববার রাতে রাকিবুল শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় এবং পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। হামলার সময় উপস্থিত লোকজনের একজনকে ধরা হয়, যাকে চাপাতিসহ শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হামলায় সাত থেকে আটজন অংশ নিয়েছিলেন এবং তাদের একটি নির্দিষ্ট এলাকা থেকে ঢাকায় আনা হয়েছিল।
রাকিবুল হত্যার ঘটনায় তার পরিবার মামলা করেছে। নিহত রাকিবুলের বাড়ি ভোলা সদর উপজেলায়। তার বাবা, তারিকুল ইসলাম খোকন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবুল রাজধানীর বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে