মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত: চট্টগ্রাম থেকে গ্রেপ্তার ৪
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গণীকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শরীফ উদ্দিন বাবু (২২), নাজমুল হাসান (২৩), ইমন (২৩) ও জুয়েল (২২)।
পুলিশ জানায়, ঘটনার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করে হামলার কারণ ও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় হামলার শিকার হন এসআই ওসমান গণী। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।
পুলিশের তথ্যমতে, রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়ক দিয়ে ফেরার সময় পেছন থেকে এক হামলাকারী তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধাওয়া করলেও ধরতে পারেননি।
ঘটনার পর এসআই ওসমান গণী নিজেই মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, স্ত্রী তানজিনা সিমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাসায় ফেরার সময় তার ওপর হামলা চালানো হয়।
গুরুতর আহত ওসমান গণীকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে, পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার পিঠে ৪৫টি সেলাই লেগেছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে পুলিশ জানিয়েছিল, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই হামলাটি হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজে হামলার আগে তিন যুবককে ওসমান গণীর সঙ্গে কথা বলতে এবং পরে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে। এখন গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
মতামত দিন