Views Bangladesh Logo

শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধ, জ্ঞান হারিয়ে হাসপাতালে ১৫ শিক্ষার্থী

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলা ১৫ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলো—ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভিন আক্তার (১৫)। তাদের সবার বাড়ি তমরদ্দি জোড়খালী গ্রামে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় নিয়মিত পাঠদান শুরু হয়। এর প্রায় এক ঘণ্টা পর সপ্তম শ্রেণির চার ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে জ্ঞান ফিরে আসে। কিছুক্ষণ পর অন্যান্য শ্রেণিকক্ষেও ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী মেডিকেল অফিসার মানসুর উদ্দিন জানান, দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে মোট ১০ জন শিক্ষার্থীকে আনা হয়। তাদের সবাইকে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের তখনও জ্ঞান ফেরেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন জানান, প্রথমে যারা জ্ঞান হারিয়েছিল, তাদের বাড়িতে নেওয়ার পর জ্ঞান ফিরে আসে। তবে পরে অসুস্থ হওয়া শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার পরও অনেকের জ্ঞান ফেরেনি। কী কারণে শিক্ষার্থীরা জ্ঞান হারিয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম নিলয় বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রোগীদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রেণিকক্ষে কোনো ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

এদিকে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে তাৎক্ষণিক হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন। শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাধারণ মানুষের ভিড় জমে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ