শোয়েবকে ঘিরে ফিক্সিংয়ের গুঞ্জন, নিজেদের অবস্থান জানাল ফরচুন বরিশাল
ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি বেশ আলোচনায় পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এত আলোচনার মধ্যে অবশ্য তিনি ছিলেন বাংলাদেশে। ফরচুন বরিশালের হয়ে বিপিএলের দশম আসর খেলতে এসেছিলেন এই অলরাউন্ডার। তবে মাত্র তিন ম্যাচ খেলেই উড়াল দিয়েছেন শোয়েব।
চলমান বিপিএলে আর ফেরা হচ্ছে না তার। দুবাই যাওয়ার আগে শোয়েব অবশ্য জন্ম দিয়ে গেছেন বড়সড় এক গুঞ্জনের। ঢাকা পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে বরিশালের হয়ে এক ওভারে তিনটি নো বল করেছিলেন এই অলরাউন্ডার। একজন স্পিনারের একই ওভারে তিনবার ওভার স্টেপিং খুব একটা দেখা যায় না।
তাই অনেকেই শোয়েবের এই ঘটনার সঙ্গে ফিক্সিংয়ের গন্ধ খোঁজার চেষ্টা করছেন। তবে এমন গুজব উড়িয়ে দিয়েছেন বরিশালের মালিক মিজানুর রহমান। এক ভিডিও বার্তায় বিষয়টি বন্ধের আহ্বানও জানান তিনি।
মিজানুর রহমান জানিয়েছেন, শোয়েব তার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছেন। ক্রিকেটে খারাপ সময় যেতেই পারে, এই সময়ে দল শোয়েবের পাশেই আছে বলেও জানিয়েছেন তিনি। এমনকি এই পাকিস্তানি ক্রিকেটারকে ঘিরে এসব গুজব বন্ধের আহ্বান জানিয়েছেন মিজান।
শুক্রবার (২৬ জানুয়ারি) এক ভিডিও বার্তায় মিজান বলেন, ‘আসসালামুআলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি ফরচুন বরিশালের সকল দর্শকদেরকে এবং সমর্থকদেরকে। শেষ কিছুদিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনেছি, আমি এটার (শোয়েব মালিককে নিয়ে ফিক্সিংয়ের গুঞ্জন) তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় ও তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি।’
ফরচুন বরিশালের মালিক বলেন, ‘আমরা যেহেতু পরপর দুটো ম্যাচ হেরেছি, আমাদের উচিত আমাদের পরবর্তী ম্যাচগুলোর দিকে নজর দেয়া এবং আমরা যেন ভালো খেলতে পারি এ জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমরা যেন পরবর্তী ম্যাচ জিততে পারি এবং ফাইনাল খেলতে পারি। ধন্যবাদ ফরচুন বরিশালের সঙ্গে থাকার জন্য।’
উল্লেখ্য, বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে তিনটি নো বলসহ এক ওভারে ১৮ রান দেন শোয়েব। যার কারণে মাঠেই বিরক্তি প্রকাশ করতে দেখা যায় বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। পরে শোয়েবকে আর বোলিংয়ে আনেননি তামিম। পরবর্তীতে তার নো বলের সেসব ডেলিভারির ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকেই মূলত গুজবের সৃষ্টি হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে