Views Bangladesh Logo

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কোনো প্রতিযোগিতার মূলপর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের ফর্টিজ এফসি পড়েছে ভারতের এফসি গোয়ার গ্রুপে।

কুয়ালালামপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ড্রয়ে ফর্টিজ ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে। এই গ্রুপের অন্য দুই দল ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের রেজাক তাজাক। গ্রুপটির স্বাগতিক হিসেবে থাকবে কুয়েতের কাদসিয়া এসসি।

প্লে-অফে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্ব নিশ্চিত করে ফর্টিজ। এবার মূলপর্বে তাদের সামনে অপেক্ষা করছে ভারতের অন্যতম পরিচিত ক্লাব এফসি গোয়া।

এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের ক্লাবগুলো পশ্চিম অঞ্চলে খেলছে। এই অঞ্চলে তিনটি গ্রুপ রয়েছে। ড্রয়ের আগে তিন গ্রুপের স্বাগতিক দলও নির্ধারণ করা হয়। ‘এ’ গ্রুপের স্বাগতিক ভুটানের পারো, ‘বি’ গ্রুপের তাজিকিস্তানের ইসতিকলাল এবং ‘সি’ গ্রুপের স্বাগতিক কুয়েতের কাদসিয়া।

ফর্টিজ ছিল তৃতীয় পটে। একই পটে ছিল সিরিয়ার আল ইতিহাদ। তবে ‘বি’ গ্রুপে সিরিয়ার আরেকটি দল থাকায় আল ইতিহাদকে ‘এ’ গ্রুপে রাখা হয়। ফলে ফর্টিজের জায়গা হয় ‘সি’ গ্রুপে।

গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২৪ অক্টোবর। পশ্চিম অঞ্চলের তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা রানার্সআপ দল পরবর্তী পর্বে উঠবে। পূর্ব অঞ্চল থেকে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পরের পর্বে খেলবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ