বগুড়ায় হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত হোটেল সেঞ্চুরি থেকে বিপুল চন্দ্র পাল (৪৮) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে হোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা এবং দুবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল চন্দ্র পাল হোটেল সেঞ্চুরির একটি কক্ষ ভাড়া নেন। শনিবার নির্ধারিত চেকআউটের সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ খোঁজ নিতে যায়। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন বলেন, ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। কক্ষ থেকে একটি যৌন উত্তেজক ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে