Views Bangladesh Logo

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তাঁর দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) ভোরে মিরপুরের দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, মনিরুলের স্ত্রী সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক করা হয়। তাঁর দুই ভাইকে আটক করা হয়েছে মিরপুরের ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি এলাকা থেকে।

সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য, দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় তাঁদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সায়লা ফারজানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান।

মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। ২০২১ সালের মার্চে তিনি পুলিশের বিশেষ শাখার প্রধানের দায়িত্ব পান। ২০২৪ সালের ১৩ আগস্ট তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

এর আগে দুর্নীতির অভিযোগে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। গত ১৫ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব হিসাবে মোট ১৯ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৩১৯ টাকা জমা রয়েছে।

দুদকের আবেদনে মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানমের নামও উল্লেখ করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ