Views Bangladesh Logo

দুদকের মামলায় রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রূপালী ব্যাংকের লক্ষ্মীপুরের রামগতি বাজার শাখার সাবেক ব্যবস্থাপক মো. আবদুল মজিদকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার অবৈধভাবে অর্জিত এক কোটি ২৪ লাখ ১৫ হাজার ৫৪৩ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আবদুল মজিদ আদালতে উপস্থিত ছিলেন না। ফলে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। রায়ের পাশাপাশি আদালত তাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জহির উদ্দিন জানান, আবদুল মজিদ লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী এলাকার বাসিন্দা। তিনি ২০০৭ সালের ১৪ নভেম্বর থেকে ২০১৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রূপালী ব্যাংকের রামগতি বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকের দুটি এসটিডি হিসাব এবং সরকারি কর্মচারীদের পেনশনের অর্থ থেকে মোট ৭০ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরবর্তী তদন্তে তার বিরুদ্ধে মোট এক কোটি ২৪ লাখ ১৫ হাজার ৫৪৩ টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।

দুদক সূত্র জানায়, তদন্ত শেষে তৎকালীন উপসহকারী পরিচালক মো. হোসাইন শরীফ এবং সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায়ে আদালত দণ্ডবিধির ৪৬৭ ধারায় ১০ বছর, ৪০৯ ধারায় ১০ বছর এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। আদালতের আদেশ অনুযায়ী, তিনটি ধারার সাজা ধারাবাহিকভাবে কার্যকর হওয়ায় আবদুল মজিদকে মোট ২৫ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ