প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর পোস্ট’: এনসিপির অব্যাহতি পাওয়া নেতার বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়ায় মামলা হয়েছে।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে রোববার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।
ঘটনার সূত্রপাত শুক্রবার। সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে ফেসবুকে একটি পোস্ট দেন তানভীর। ওই পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি ‘আপত্তিকর মন্তব্য’ করেন বলে অভিযোগ ওঠে।
পোস্টটি নিয়ে সমালোচনা শুরু হলে পরে তা সরিয়ে নেন তানভীর। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন তিনি।
এ ঘটনার পর শুক্রবারই এনসিপির পক্ষ থেকে তানভীরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরির চেষ্টা করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বিষয়টি দেখে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে মামলা করার সিদ্ধান্ত নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ‘আপত্তিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে তানভীরের বিচার ও গ্রেপ্তারের দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। কর্মসূচিতে তাঁর কুশপুতুলও দাহ করা হয়।
মতামত দিন