Views Bangladesh Logo

হয়রানি করতেই আমাকে গ্রেপ্তার করা হয়েছে: আদালতে সাবেক এমপি নূর মোহাম্মদ

জুলাই আন্দোলনের পর থেকে নিজ বাসায় অবস্থান ও নিয়মিত অফিস করার দাবি করে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদ বলেছেন, তাকে ‘হয়রানি’ করার উদ্দেশ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে শুনানি শেষে আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে নূর মোহাম্মদ আদালতের অনুমতি নিয়ে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমি বাসাতেই ছিলাম। একদিনের জন্যও বাইরে যাইনি। আমার বিরুদ্ধে কোনো অনিয়ম থাকলে তো বাসায় থাকতাম না। বাসা থেকে নিয়মিত অফিস করেছি, আবার বাসায় ফিরেছি। আমাকে হয়রানি করার জন্যই গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আসামিপক্ষে আইনজীবী মোহাম্মদ কামরুল হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানিয়ে বলেন, নূর মোহাম্মদ একজন সাবেক সংসদ সদস্য এবং অসুস্থ। তাকে নিয়মিত থেরাপি নিতে হয়। মামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুন মহাখালী বাস টার্মিনাল এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, ব্যানার, প্ল্যাকার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ