সাবেক এমপি ফাহমী গোলন্দাজের গ্রামের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজের (বাবেল) গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোররাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার ভোর চারটার দিকে এক দল লোক ফাহমী গোলন্দাজের বাড়ির দুটি ফটক ভেঙে গুঁড়িয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় একটি টিনশেডের ঘরে অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি গাড়ি।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন সেখানে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, ‘ভোররাত চারটার দিকে শতাধিক মানুষ সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।’ তিনি আরও বলেন, যারা হামলায় অংশ নিয়েছে, তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে