Views Bangladesh Logo

সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর দুই ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একাধিক দল হোটেলটি ও আশপাশের এলাকা ঘিরে ফেলে। পরে হোটেলে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় যাচাই করতে তল্লাশি শুরু হয়। কয়েক ঘণ্টার অভিযান ও যাচাই-বাছাই শেষে বুধবার ভোর ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। সেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটির কয়েকজন নেতা-কর্মী অবস্থান করছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। পরে আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের হেফাজতে নেওয়া হয়।

হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৬ জনের একটি দল হোটেলটিতে ওঠে। তাঁদের মধ্যে আটক চারজনও ছিলেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের সংশ্লিষ্ট মামলার তথ্য যাচাই ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে কোন মামলায় তাঁদের আটক করা হয়েছে এবং কী কারণে তাঁরা সিলেটে অবস্থান করছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ