Views Bangladesh Logo

সাবেক সংসদ সদস্য সাংবাদিক শফিকুর রহমান আর নেই

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে তিনি নিজ বাসার বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুহম্মদ শফিকুর রহমানের পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে। শফিকুর রহমান ১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মৌলভী আবদুল হামিদ ও মা আয়েশা খাতুন।

তিনি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করেন। এরপর চাঁদপুর সরকারি কলেজে পড়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শফিকুর রহমান ১৯৬৫ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে সক্রিয় অংশগ্রহণ করেন।

তিনি যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতা বিষয়ে উচ্চশিক্ষা নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন।
স্বাধীনতার পর ইত্তেফাকে যুক্ত হয়ে দীর্ঘ ৩২ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে অবসর নেওয়ার পর স্বাধীন কলামিস্ট হিসেবে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে পাঠকমহলে পরিচিতি লাভ করেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বেসরকারি সিটিজেন টেলিভিশনের চেয়ারম্যান ও প্রধান সম্পাদকও ছিলেন।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত শফিকুর রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২১ সালে তিনি বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ