পাঁচবারের সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন
পাঁচবারের এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম রহমতুল্লাহ আর নেই। বুধবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৭৬ বছর।
পারিবারিক ও হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। স্কয়ার হাসপাতালের কাস্টমার সার্ভিস প্রতিনিধি মিজানুর জানান, ভোরে চিকিৎসাধীন অবস্থায় এ কে এম রহমতুল্লাহর মৃত্যু হয় এবং সকালেই স্বজনরা তাঁর মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছেন।
প্রয়াত নেতার ভাগ্নে ফারুক হোসাইন জানান, ভোররাত পৌনে ৪টার দিকে মারা যান তিনি। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহটি বাড্ডার বেরাইদের তাঁর নিজের বাসভবনে আনা হয়েছে। বিকেল ৪টায় বেরাইদ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক এই সভাপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রথমবার ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের ব্যানারে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে এমপি হন। পরবর্তীতে ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে পুনরায় বিজয়ী হন। এরপর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে এবং ২০১৪ ও ২০১৮ সালের যথাক্রমে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে পরপর দুবার নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, যার মধ্যে ২০১৪ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে