সাবেক এমপি আহসান হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা
সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন টঙ্গীর শ্রমিক নেতা নুরুল আমিন। সোমবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর কারাগারের মূল ফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান অনুসারীরা।
নুরুল আমিন টঙ্গী থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি। তিনি টঙ্গী ন্যাশনাল ফ্যান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।
কারাগার থেকে মুক্তির পর নুরুল আমিন বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় তাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছিল। এ মামলায় দীর্ঘ সময় তাকে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন নুরুল আমিন।
তার স্বজনেরা জানান, জেল কোডের ৫৬৯ ধারায় বন্দিমুক্তির বিধান অনুযায়ী ২২ বছর কারাভোগের পর তাকে মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি যাচাই-বাছাই করে। এরপর সোমবার তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
মুক্তির খবর পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে তার অনুসারীরা জড়ো হন। সেখানে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান তারা।
মতামত দিন