বিশেষ কারাগারে একসঙ্গে ঈদের নামাজ পড়বেন সাবেক মন্ত্রী-এমপিরা

একসময় রাজনীতি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও উচ্চপদস্থ কর্মকর্তা এবার ঈদুল ফিতর উদযাপন করবেন কারাগারের ভেতরে। কেরানীগঞ্জের বিশেষ কারাগারে থাকা এসব ভিআইপি বন্দি একসঙ্গে ঈদের জামাতে অংশ নেবেন। এ উপলক্ষে কারা কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
কারা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যা মামলার আসামি হিসেবে প্রায় ১২৩ জন সাবেক মন্ত্রী, এমপি ও কর্মকর্তাকে এই বিশেষ কারাগারে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, হাসানুল হক ইনু ও আসাদুজ্জামান নূরসহ আরও অনেকে।
ঈদ উপলক্ষে বন্দিদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা হয়েছে। অনেকেই পরিবারের কাছ থেকে পোশাক পেয়েছেন, আর যাদের নেই তাদের জন্য কারা অধিদপ্তর ও সমাজকল্যাণ অধিদপ্তরের পক্ষ থেকে লুঙ্গি, গেঞ্জি ও পাঞ্জাবি দেওয়া হয়েছে।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. জান্নাতুল ফরহাদ জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে দেশের সব কারাগারে বিশেষ আয়োজন রাখা হয়েছে। বন্দিরা সীমিত সময়ের জন্য মোবাইলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন এবং তাদের আনা খাবার গ্রহণের সুযোগ পাবেন।
কেরানীগঞ্জের বিশেষ কারাগারে একটি জামাত অনুষ্ঠিত হবে, যেখানে সব ভিআইপি বন্দি একত্রে নামাজ আদায় করবেন। তবে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় পৃথক কক্ষে রাখা হয়েছে; নিরাপত্তা বিবেচনায় তাকে জামাতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে।
বর্তমানে দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭৩টিতে বন্দি রয়েছে এবং হাজতি ও কয়েদি মিলিয়ে প্রায় ৭৮ হাজার ৫০০ জন বন্দি অবস্থান করছেন। ঈদের দিনে সকালে পায়েস, সেমাই ও মুড়ি, দুপুরে পোলাও, গরুর রেজালা বা খাসি, ডিম, মুরগির রোস্ট, মিষ্টি ও সালাদ, আর রাতে ভাত, রুই মাছ ও আলুর দম পরিবেশন করা হবে।
এ ছাড়া ঈদের দিন নামাজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরদিন প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ঈদের তিন দিনের মধ্যে যেকোনো এক দিন বন্দিরা স্বজনদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগও পাবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে