Views Bangladesh Logo

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়-সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা বাড়িটি মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাসভবন। বাড়িটির পাশেই তাঁর আটতলা একটি ভবন রয়েছে, যা অক্ষত আছে। টিনশেড বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে আগুন লাগা বাড়িটি সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের কি না, তা নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। বাড়িটি কার, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কেউ এটিকে সাবেক মন্ত্রীর বাড়ি বলছেন, আবার কেউ অন্য ব্যক্তির বাড়ি বলে উল্লেখ করছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ