সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
এর আগে বুধবার সকালে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি ১০ নম্বর আসামি। পুলিশ গ্রেপ্তার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পরিকল্পনা ছিল তার।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) সম্প্রতি আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
এই মামলায় লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। লতিফ সিদ্দিকী গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় গ্রেপ্তার আসামির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। বর্তমানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাংবাদিক শাহরিয়ার কবির, ফারজানা রুপা, মোজাম্মেল বাবুসহ আরও কয়েকজন।
মতামত দিন