Views Bangladesh Logo

দীপু মনির স্বামীর মৃত্যু, প্যারোলে মুক্তির পর জানাজার সিদ্ধান্ত

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নাওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর নিশ্চিত করেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু।

দীর্ঘদিন ধরে ক্যান্সার, লিভার জটিলতা ও স্ট্রোক-পরবর্তী সমস্যায় ভুগছিলেন তৌফিক নাওয়াজ। চলতি বছরের মে মাস থেকে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল এবং তিনি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ২০১৯ সালে মস্তিষ্কে স্ট্রোকের পর তিনি দীর্ঘদিন গুরুতর অসুস্থ থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সে সময় কয়েক সপ্তাহ অচেতন অবস্থায়ও ছিলেন।

তৌফিক নাওয়াজ ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, যিনি আন্তর্জাতিক আইন, বাণিজ্যিক বিরোধ ও মানবাধিকারসংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন। তেংরাটিলা গ্যাসক্ষেত্রের বিস্ফোরণ নিয়ে নিকো রিসোর্সেসের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবির মামলায় বাংলাদেশ সরকারের পক্ষে তিনিই নেতৃত্ব দিয়েছিলেন। এ ছাড়া দীর্ঘদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি; ১৯৯০-এর দশকে সংগঠনটির বাংলাদেশ অধ্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পাশাপাশি ট্রাস্টি বোর্ডের সদস্য ও এক পর্যায়ে সেক্রেটারি জেনারেলের দায়িত্বও পালন করেন। আইন পেশার বাইরে শাস্ত্রীয় সংগীতচর্চা ও বাঁশি বাজানোর প্রতিও আগ্রহ ছিল তাঁর।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। স্বামীর মৃত্যুর খবরের পর তাঁর প্যারোলে মুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে; আইনজীবী ও স্বজনরা এখন মুন্সীগঞ্জে অবস্থান করছেন। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বুধবার সকালে গণমাধ্যমকে জানান, বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলের আবেদন জানানো হবে এবং তাঁর মুক্তির পরই জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেও গত মে মাসে অসুস্থ স্বামীর পাশে থাকার জন্য দীপু মনি একবার প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন এবং সে সময় হুইলচেয়ারে করে তৌফিক নাওয়াজকে আদালতে নিয়ে গিয়ে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করানো হয়েছিল।

জে আর ওয়াদুদ টিপু জানান, দাফন ও জানাজা কোথায়, কখন হবে—সে বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত জানানো হবে। তৌফিক নাওয়াজের মৃত্যুতে আইন অঙ্গন ও তাঁর পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী দীপু মনি ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ