Views Bangladesh Logo

কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি সাবেক মন্ত্রী দীপু মনি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি (৬৪) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ বোধ করায় সোমবার (২৯ জুন) সকালে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে আনা হয়।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ ভোররাতে মুন্সিগঞ্জ জেলা কারাগারে দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে স্থানীয় জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

এই বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, দীপু মনি দীর্ঘদিন ধরে কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক না হলেও চিকিৎসকরা মনে করেছেন তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। তাই তাকে ঢামেকে রেফার করা হয়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট মুহাম্মদ এনায়েত উল্লাহ জানান, দীপু মনি বেশ কিছুদিন ধরেই এসব রোগে ভুগছিলেন। তিনি বলেন, ‘রোববার রাত দেড়টার দিকে তিনি তীব্র অসুস্থতা বোধ করেন। আমরা তাৎক্ষণিকভাবে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার স্বার্থে তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।’

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী দীপু মনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ