Views Bangladesh Logo

নীলফামারীতে আসাদুজ্জামান নূরের সাবেক ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

নীলফামারীতে হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান  নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। তিনি জানান, শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় শহরের শান্তিনগর এলাকা থেকে তরিকুল ইসলামকে আটক করা হয়।

পুলিশ জানায়, তিনি ২০১৩ সালে সংঘটিত কৃষক সিদ্দিক আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রামগঞ্জহাট বাজার এলাকায় বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলার সময় আশপাশের সাধারণ মানুষকেও মারধর করা হয়। ওই ঘটনায় কৃষক সিদ্দিক আলী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে গেলে তাকে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগে ওই সময়ের সংসদ সদস্য আসাদুজ্জামান নুরকে বহনকারী গাড়ির কথা উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী, নিহতের ছেলে, অভিযোগ করেছেন যে ঘটনাকালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় তারা মামলা করার সুযোগ পাননি। ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর অনুকূল পরিস্থিতি সৃষ্টি হলে তিনি আদালতের মাধ্যমে মামলাটি দায়ের করেন।

ওসি জিল্লুর রহমান বলেন, সিদ্দিক আলী হত্যা মামলায় তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ