Views Bangladesh Logo

মার্কিন র‌্যাপার অফসেট গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জনপ্রিয় মার্কিন র‌্যাপার অফসেট গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন প্রতিনিধিরা।

মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে অফসেটের মুখপাত্র বলেন, “আমরা নিশ্চিত করছি, অফসেট গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি স্থিতিশীল আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

ঘটনাটি সোমবার সন্ধ্যায় ফ্লোরিডার একটি ভ্যালেট এলাকায়, একটি ক্যাসিনোর কাছাকাছি ঘটে। স্থানীয় সেমিনোল পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, সন্ধ্যা ৭টার পর একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং দ্রুত মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে তাঁর আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। পুলিশ দুজনকে আটক করেছে এবং তদন্ত চলছে।

৩৪ বছর বয়সী র‌্যাপার অফসেটের আসল নাম কিয়ারি সিফাস। তিনি জনপ্রিয় হিপহপ দল মিগোস-এর সদস্য হিসেবে পরিচিত। দলটি কোয়াভো ও টেকঅফের সঙ্গে গড়ে ওঠে এবং ‘ব্যাড অ্যান্ড বুজি’ গান ও ‘কালচার’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০১৯ সালে ‘ফাদার অব ৪’ অ্যালবামের মাধ্যমে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ২০২২ সালে তার সহশিল্পী ও চাচাতো ভাই টেকঅফ যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে গুলিতে নিহত হন। সেই ঘটনার শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ