হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন না সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী
হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ মে) দুপুরে শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলী এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
আইভীকে গত ৯ মে সকালে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন।
আইভীর পক্ষে জামিন আবেদন করেন তাঁর আইনজীবী আওলাদ হোসেন। তিনি জানান, রিকশাচালক মো. তুহিন হত্যা এবং হকার নাদিমকে হত্যাচেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া দুটি মামলায় জামিন চাওয়া হয়। কিন্তু বিচারক উভয় আবেদনই খারিজ করে দেন।
এছাড়া পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় জামিন চেয়ে একই দিন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে আবেদন করা হয়। তবে এই মামলায় পুলিশের রিমান্ড আবেদন শুনানি শেষ না হওয়ায় জামিন শুনানির জন্য ২৭ মে দিন ধার্য করেন বিচারক। রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হয়েছে ২৫ মে।
এর আগে, তুহিন ও নাদিমের ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করে। ১৭ মে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে ওই আবেদন করা হয়। কারাগার থেকেই ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন সেলিনা হায়াৎ আইভী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে