বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না সাবেক কৃষক লীগ নেতার
ফরিদপুরের সালথা উপজেলা কৃষক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক আমিন খন্দকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আমিন খন্দকার (৪৫) একই ইউনিয়নের চান্দাখোলা গ্রামের খন্দকার হাচান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২১ আগস্ট সালথা থানায় করা একটি বিস্ফোরক মামলার আসামি আমিন খন্দকার। এ ছাড়া মঙ্গলবার উপজেলার বড়বাংরাইল গ্রামে সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, আমিন খন্দকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। গণঅভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে চলে যান।
গ্রেপ্তার এড়াতে চলতি বছরের ১৯ জানুয়ারি ফেসবুকে পোস্ট দিয়ে কৃষক লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন আমিন খন্দকার। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলার সোনাপুর ইউনিয়নে আয়োজিত এক সভায় বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি। শামা ওবায়েদ বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, আমিন খন্দকারকে ২০২৫ সালের বিস্ফোরক মামলা এবং মঙ্গলবারের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত দিন