Views Bangladesh Logo

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: সাবেক যুবদল নেতা নূর আলম গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

বৃহস্পতিবার রাতে দারুস সালাম এলাকা থেকে নূর আলমকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। তিনি জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নূর আলম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নূর আলম শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর তাকে যুবদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।

গত ২৫ সেপ্টেম্বর রাতে দুই শতাধিক ব্যক্তি মিরপুর-১-এর রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। পরে কেন্দ্রটির কয়েকটি স্থাপনা খননযন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠার পর শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।

ঘটনায় রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয় এবং কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগও ওঠে। অভিযোগের পর ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলবে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার জানিয়েছেন, তদন্তে যাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে। হামলার পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টাও চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ