Views Bangladesh Logo

৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় জামায়াতের সাবেক উপজেলা আমির কারাগারে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা সাতটি মামলায় জামায়াতের সাবেক উপজেলা আমির মো. আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় র‌্যাব তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করে। আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার হওয়া আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক ছিলেন। তিনি একসময় মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমিরের দায়িত্বও পালন করেন।

র‌্যাব জানায়, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ থানায় দায়ের করা একাধিক মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতিসহ কয়েকটি সমবায় প্রতিষ্ঠান উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা সংগ্রহ করে। পরে প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিরা আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা একাধিক মামলা দায়ের করেন এবং আমানতের টাকা ফেরতের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন চালিয়ে আসছেন।

এ বিষয়ে জামালপুর জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার বলেন, আব্দুল ওয়াহেদের সঙ্গে বর্তমানে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তাকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, র‌্যাব গ্রেপ্তারের পর আব্দুল ওয়াহেদকে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ