Views Bangladesh Logo

সাবেক ডিজিএফআই পরিচালক নাসেরকে ৬ দিনের রিমান্ডে পাঠাল আদালত

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন–সংক্রান্ত ডেলওয়ার হোসেন হত্যা মামলায় সাবেক ডিজিএফআই পরিচালক ও বরখাস্ত কর্মকর্তা মো. আফজাল নাসেরকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

সোমবার (৩০ মার্চ) তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপ-পরিদর্শক কাফিল উদ্দিন এবং সাত দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন, অন্যদিকে আসামিপক্ষ জামিন আবেদন ও রিমান্ড বাতিলের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াশ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন শাখার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রোববার (২৯ মার্চ) রাতের শেষ দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফজাল নাশেরকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-১০ এর ফালপট্টি এলাকায় একটি শান্তিপূর্ণ ছাত্র-জনতার আন্দোলনে ৫০০ থেকে ৭০০ আওয়ামী লীগ কর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়।

এ ঘটনায় দেলওয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই মারা যান।

ঘটনার পর ২০২৫ সালের জুলাই মাসে মিরপুর থানায় এ হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ