রিমান্ড শেষে কারাগারে সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ
বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় একাধিক দফা রিমান্ড শেষে সাবেক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে গত ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে একাধিক ধাপে তাকে বিভিন্ন হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ রিমান্ড শেষে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষ থেকে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন, যা আদালত খারিজ করে দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নিহত হন। পরে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে