১১ বছর পর চাকরি ফিরে পেলেন সাবেক উপ-পুলিশ কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (পূর্ব) মো. ওবায়দুর রহমান খান ১১ বছর পর চাকরি ফিরে পেয়েছেন। তাঁকে চাকরি থেকে বরখাস্তের ২০১৫ সালের আদেশ বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। সোমবার (১০ আগস্ট) মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি প্রকাশ করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-২-এ মো. ওবায়দুর রহমান খানের করা মামলায় গত ১২ জানুয়ারি দেওয়া রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৫ সালের ৪ অক্টোবরের স্মারকমূলে ওবায়দুর রহমান খানকে চাকরি থেকে বরখাস্তের যে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হলো।
একই সঙ্গে তাঁর বরখাস্তের সময়কে কর্তব্যকাল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিধি অনুযায়ী তিনি পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
মতামত দিন