Views Bangladesh Logo

‘জুলাই ৩৬’ কনসার্ট করতে আর্থিক অনুদান চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সাবেক সমন্বয়কের চিঠি

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’ কনসার্ট আয়োজনে অনুদানের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে। তিনি অন্তত ৭০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ৭৬ লাখ টাকা আর্থিক সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন। আগামী ৫ আগস্ট অনুষ্ঠেয় এই কনসার্টের জন্য রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ইতোমধ্যে দুই লাখ টাকা দিয়েছে।

ঘটনার সূত্রপাত ফেসবুকে ভাইরাল হওয়া এক চিঠিকে কেন্দ্র করে। যেখানে ৩৬ জুলাইয়ের ‘জুলাই আন্দোলন’ স্মরণে শহীদদের শ্রদ্ধা জানাতে এবং তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে কনসার্ট আয়োজনের কথা বলা হয়। চিঠিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীবের সুপারিশপত্রও ছিল।

এ ঘটনার তীব্র সমালোচনা করেছে রাবি শাখা ছাত্রদল। সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, এটা চাঁদাবাজির মতোই—শুধু ঘুরিয়ে বলা।

ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে আহতরা চিকিৎসা পাচ্ছে না, অথচ কনসার্টে সরকারি অর্থ ব্যয় হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একদিকে আয়োজকদের উদ্যোগকে সাধুবাদ জানানো হলেও, অনেকেই এই প্রক্রিয়াকে স্বচ্ছতা ও নৈতিকতার পরিপন্থি বলে জানিয়েছেন।

এ বিষয়ে সালাউদ্দিন আম্মার গণমাধ্যমে বলেন, “প্রায় ৭০টি প্রতিষ্ঠানে প্রপোজাল দিয়েছি। সবই নিয়ম মেনে, উপাচার্যের সুপারিশসহ পাঠানো হয়েছে। স্পন্সর নেয়াটা চাঁদাবাজি নয়।”

অন্য আয়োজক কে এস কে হৃদয় বলেন, সাংস্কৃতিক আয়োজনের জন্য স্পন্সর চাওয়া নতুন কিছু নয়। ব্যাংক বা কোম্পানি সিএসআর ফান্ড থেকেই অনুদান দেয়। এতে আমাদের কোনো ব্যক্তিগত লাভ নেই।

বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় এই আয়োজনে কোনো অর্থ দেবে না—আমি সেটা স্পষ্ট জানিয়েছি। আয়োজকদের অনুরোধে কেবল সুপারিশপত্র দিয়েছি, যেটা আমি অন্যান্য সাংস্কৃতিক আয়োজকদের জন্যও দিয়ে থাকি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ