Views Bangladesh Logo

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক কনস্টেবলের মৃত্যু

লক্ষ্মীপুরে নিজের ঘুমন্ত ছেলেসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পর ছাদ থেকে লাফিয়ে পড়েন অবসরপ্রাপ্ত এক ট্রাফিক পুলিশ কনস্টেবল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নাছির আহমদ (৫৫) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। তিনি গত সাত বছর ধরে পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করছিলেন এবং গত বছরের আগস্টে ট্রাফিক পুলিশ কনস্টেবল পদ থেকে অবসর নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুমন্ত অবস্থায় নাছির আহমদ তার ছোট ছেলে ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। রক্তাক্ত অবস্থায় ইমরান বাইরে বের হলে প্রতিবেশী মিজানুর রহমান স্বপন তাকে সাহায্য করতে এগিয়ে যান। এ সময় তাকেও কুপিয়ে আহত করেন নাছির আহমদ।

পরে আরও একজন এগিয়ে এলে তাকেও আহত করা হয় বলে জানায় স্থানীয়রা।

এ ঘটনার পর নাছির আহমদ ভবনের ছাদ থেকে লাফ দেন এবং গুরুতর আহত হন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাছির আহমদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সদর হাসপাতালের আরএমও অরূপ পাল জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে নাছির আহমদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন ভর্তি আছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ