দুর্নীতির মামলায়ও বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
রাজউকের প্লট নেওয়ায় অনিয়মের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার তার জামিন আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ৮ মার্চ হত্যা ও রায় জালিয়াতিসহ চার মামলায় তিনি জামিন পান। সব মিলিয়ে পাঁচ মামলায় গ্রেপ্তার থাকা খায়রুল হক এখন সব মামলায়ই জামিন পেয়েছেন। ফলে তার কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু।
তিনি বলেন, এখন তার মুক্তিতে আইনগত বাধা নেই, যদি সরকার নতুন কোনো পদক্ষেপ না নেয়।
জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে করা চার মামলায় আগেই জামিন মেলে। নিম্ন আদালতে জামিন না পাওয়ায় তিনি হাইকোর্টে পৃথক পাঁচটি আবেদন করেছিলেন।
২০২৫ সালের ২৬ অক্টোবর হাইকোর্ট জামিন প্রশ্নে রুল দেন। সর্বশেষ আদেশের মধ্য দিয়ে পাঁচ মামলার জামিন আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি হলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে