Views Bangladesh Logo

সাত দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর শাহবাগ থানার দুর্নীতিমূলক, বিদ্বেষমূলক, বেআইনি রায় প্রদানসহ জাল-জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে বিচারপতি খায়রুলকে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান মামলাটির তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া। রাষ্ট্রপক্ষে আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুদ্দোহা সুমন। তবে শুনানিতে সাবেক প্রধান বিচারপতির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শানাউল্লাহ’র আদালত।

গত বছরের ২৭ আগস্ট দণ্ডবিধির ২১৯ এবং ৪৬৬ ধারায় শাহবাগ থানায় মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম। এতে অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনার দ্বারা প্রভাবিত হয়ে এবং অবসর-পরবর্তী সুবিধাজনক পদের আকাঙ্ক্ষায় বিচারপতি খায়রুল হক ২০১১ সালের ১০ মে সংক্ষিপ্ত রায়ে অবৈধভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। পরে তিনি শেখ হাসিনাকে খুশি করার উদ্দেশ্যে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর আপিল মামলাটির পূর্ণাঙ্গ রায় দেন।

২৪ জুলাই ভোরে ধানমণ্ডির বাসা থেকে বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনে যুবদলকর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠান আদালত। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও বিচারপতি খায়রুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে পরের বছরের ১৭ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন এ বি এম খায়রুল হক। আপিল বিভাগে থাকাকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছাড়াও ফতোয়া অবৈধ ঘোষণা এবং হাইকোর্টে থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দেন তিনি। ২০১৩ সালের ২৩ জুলাই থেকে গত বছরের ১৩ আগস্ট পদত্যাগের আগে পর্যন্ত কয়েক দফায় এক যুগের মতো আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন এ বি এম খায়রুল হক।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ