Views Bangladesh Logo

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে রাশিকুল আনাম রাশু (৩৬) নামে সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানা এলাকার কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাশু জাতীয়তাবাদী ছাত্রদলের দৌলতপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি যুবদলের দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন। তার বাবা শরিফুল আনাম স্থানীয় বিএনপি নেতা। তাদের বাড়ি দৌলতপুর থানার দেয়ানা এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রাজনীতির পাশাপাশি রাশু কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দোকানে থাকা অবস্থায় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি চালায়। এতে একটি গুলি রাশুর মাথায় এবং আরেকটি শরীরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত আড়াই মাসে খুলনা মহানগরীতে আটটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন পাঁচজন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ