Views Bangladesh Logo

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক এ বি এম আব্দুল্লাহ খালেদ সাকিব রাকিবুলের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রাকিবুলের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তিনি দাবি করেন, রাকিবুলকে গ্রেপ্তারের আগে সাত দিন ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে হাজির করার বিধান রয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগকে অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে বলেন, প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে রাকিবুলের জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তিনি ও অজ্ঞাতনামা অন্যরা পরস্পর যোগসাজশে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট, সরকার পতনের ষড়যন্ত্র এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে অবজ্ঞা, বিদ্বেষ ও ঘৃণা পোষণ করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুলের নামে একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের পদায়নে ঘুষ লেনদেনসহ বিভিন্ন বিষয়ে কথোপকথন শোনা যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে অডিওটি রাকিবুলেরই কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অডিওটি ছড়িয়ে পড়ার পর ডিএমপি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরে রাকিবুলকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয় এবং ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। বৃহস্পতিবার বিকালে ওই মামলায় রাকিবুলকে গ্রেপ্তার দেখানো হয়। আদালতে হাজিরের সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতে হাতকড়া ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ