বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি দিলেন সাবেক বিসিবি সভাপতি বুলবুল
বাংলাদেশের পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির তহবিল বন্ধ এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আইসিসিতে চিঠি পাঠিয়েছেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
গত এপ্রিলে জাতীয় ক্রীড়া পরিষদ তার নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিলেও আমিনুল সবসময়ই নিজেকে বৈধ সভাপতি বলে দাবি করে আসছেন। আইসিসিতে পাঠানো চিঠিতেও তিনি একই দাবি করেছেন এবং তাকে পুনরায় দায়িত্বে ফেরানো না হওয়া পর্যন্ত বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে এক ভিডিও বার্তায় আমিনুল এটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দেন। তবে তার আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠির কিছু অংশ সাংবাদিকদের হাতে এসেছে, যেখানে আমিনুলের স্বাক্ষরও রয়েছে।
চিঠিতে দাবি করা হয়েছে, বিসিবিকে দেওয়া আইসিসির সব তহবিল এসক্রোতে আটকে রাখতে হবে যতক্ষণ না নির্বাচিত বোর্ড পুনর্বহাল হয় অথবা আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। এছাড়া ৭ জুন ২০২৬-এর নির্বাচনের ভিত্তিতে যারা বিসিবির নিয়ন্ত্রণ দাবি করছেন, তাদের কোনো তহবিল না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, রাজনৈতিকভাবে কারসাজি করা ভোটার তালিকায় পরিচালিত ৭ জুনের নির্বাচন আইসিসির সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এবং আইসিসি ওই নির্বাচনে জয়ী বোর্ডকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দেয় না।
নির্ধারিত সময়ের মধ্যে আগের বোর্ড পুনর্বহাল না করা হলে বিসিবির পূর্ণ সদস্যপদ স্থগিত, তহবিল জব্দ এবং আইসিসি ইভেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।
মতামত দিন